
স্টাফ রিপোর্টার মোঃ সাগর আহমেদ, নাটোর:
নাটোরের বড়াইগ্রামে কৃষক মোবারক হোসেনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১২টায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন রায় ঘোষণা করেন।
আসাদুল ইসলাম, ৩৫, ইকোরি গ্রামের আব্দুল বারির ছেলে
রশিদ প্রামানিক, ৪২, সোনাবাজু গ্রামের ইয়ারুল প্রামানিকের ছেলে
আরিফা খাতুন, ৩০, কাঁচু খাঁর স্ত্রী
জিহাদ আলী, ৩৪, জিয়াউর রহমানের ছেলে
রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, ২০২০ সালের ১৫ জুন মোবারক হোসেন মাঠে গরু নিয়ে গিয়ে আর ফিরে আসেননি। পরবর্তীতে পরিবারের সদস্যরা সন্ধ্যার দিকে মাঠের একটি পাটক্ষেতে হাত-পা বাঁধা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
আদালতের সূত্রে জানা যায়, মোবারক হোসেন বিভিন্ন অনৈতিক সম্পর্কের কারণে এলাকায় পরিচিত ছিলেন। ওই সময় শারীরিক প্রতিবন্ধী আরিফা খাতুন তার সঙ্গে টাকার প্রলোভনে সম্পর্ক গড়ে তুলেছিলেন। দীর্ঘদিন কোনো টাকা না দেয়ায় মোবারক সম্পর্ক ছিন্ন করেন এবং বিষয়টি প্রকাশ করার হুমকি দেন।
এরপর আরিফা খাতুন, আসাদুল ইসলাম, জিহাদ আলী ও রশিদ প্রামানিক মিলে পরিকল্পিতভাবে মোবারককে পাটক্ষেতে ডেকে শ্বাসরোধ করে হত্যা করেন।
মৃতকের স্ত্রী রানী বেগম বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দ্রুত লাশ উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা পরকীয়ার কারণে হত্যার কথা স্বীকার করেছেন।