
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
রাজধানীর উত্তরা এলাকায় রিকশাচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অজ্ঞাতপরিচয় প্রায় ৭০০ জনকে আসামি করে মামলা করেছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) উত্তরা পশ্চিম থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শপিং কমপ্লেক্স ঘেরাও করে ভাঙচুর, সড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকেও আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশ-এর অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এন এস নজরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, রিকশাচালককে মারধর করে শপিংমলের ভেতরে আটকে রাখার খবরটি সম্পূর্ণ গুজব। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধদের হামলায় পুলিশের অন্তত ছয় সদস্য আহত হয়েছেন।