
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ও জগন্নাথপুর উপজেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার (১৬ মার্চ, ২৬ রমজান) জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজারস্থ স্বপ্নচূড়া রেস্টুরেন্টে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন হবিবপুর গ্রামের কৃতি সন্তান, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সুজাত উল্লাহ মিফতা। সভাপতিত্ব করেন হবিবপুরের আরও এক কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সুমন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য মোঃ আবদুল কাদির লাকসন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী এম এ কাদির। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আব্দুল কবির আহমদ এবং জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পপুলার ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী জুলফিকার আহমদ মনি। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা মাইনুদ্দিন। ইসলামী সংগীত পরিবেশন করেন আহমদ বিন মুত্তাকিন কবির। মোনাজাত পরিচালনা করেন ব্যবসায়ী মাওলানা মোঃ নেছার আহমদ।
বক্তারা বলেন, হবিবপুরের কৃতি সন্তান সুজাত উল্লাহ মিফতা যুক্তরাজ্যে অবস্থান করেও দেশের শিক্ষা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন। তাঁর অবদানের প্রশংসা জানিয়ে তারা বলেন, প্রবাসীদের এই ধরনের সহযোগিতা জগন্নাথপুরসহ বিভিন্ন এলাকায় ক্রীড়াঙ্গনের উন্নয়নকে আরও বেগবান করবে।
অতিথিরা ও উপস্থিত সবাই সুজাত উল্লাহ মিফতার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতেও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকার জন্য আশাবাদ ব্যক্ত করেন।