
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীনের নাম।
রবিবার (১৫ মার্চ) বিকেলে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের বাসিন্দা। তিনি খুলনা বিএল কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি মাগুরা ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে বলেন, “জামায়াতে ইসলামী আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে—এটি আমার জন্য একটি বড় দায়িত্ব। আমি নির্বাচিত হলে এটিকে ক্ষমতা হিসেবে নয়, বরং জনগণের কল্যাণে একটি মহৎ দায়িত্ব হিসেবে গ্রহণ করবো।”
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন একজন সৎ, যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। গরিব ও অসহায় মানুষের বন্ধু হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।