
মোঃ বিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিউবওয়েল চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুন্দ মুরারী দাশ গত ১৩ মার্চ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে বিদ্যালয় ভবনের উত্তর পাশে থাকা একটি পুরাতন টিউবওয়েল চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ওইদিন রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা টিউবওয়েলটি খুলে নিয়ে যায়।
পরে একই দিন দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হিরু মনি প্রধান শিক্ষককে জানান যে দূর্বাডাঙ্গা বাজার এলাকায় স্থানীয় লোকজন সন্দেহভাজন দুই যুবককে একটি পুরোনো টিউবওয়েলসহ আটক করে রেখেছে।
খবর পেয়ে প্রধান শিক্ষক ঘটনাস্থলে গিয়ে দেখেন, স্থানীয়রা দুই যুবককে আটক করে রেখেছে এবং তাদের কাছ থেকে একটি টিউবওয়েল উদ্ধার করেছে। পরে তিনি টিউবওয়েলটি বিদ্যালয়ের বলে শনাক্ত করেন।
আটককৃতরা হলেন— বাটবিলা গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন (২২) ও মৃত নওশের গাজীর ছেলে মফিজুর রহমান (২৩)। স্থানীয়দের দাবি, এ সময় তাদের আরও ২ থেকে ৩ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে উদ্ধার করে এবং চুরি হওয়া টিউবওয়েলটি জব্দ করে। পরে আহত অবস্থায় আটক দুই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মণিরামপুর থানায় চুরি মামলা নং–২৪/২৬ দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।