
মোঃ শাকিল আহামাদ, রাজশাহী প্রতিনিধি:
ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমের আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখা জরুরি। তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচিতে জাঁকজমকপূর্ণ আয়োজন, স্টেজ বা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “দীর্ঘ ১৭ বছরের জঙ্গল পরিষ্কার করতে হবে আমাদেরই। কে জঙ্গল তৈরি করেছে তা নিয়ে বিতর্কের চেয়ে এখন সেটি পরিষ্কার করাই গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে নদী-নালা পরিষ্কার রাখা এবং মানুষের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে জেলা প্রশাসন রাজশাহী এই কর্মসূচির আয়োজন করে। এতে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা সার্বিক সহযোগিতা প্রদান করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান।
উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রতি সপ্তাহে শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়েছে।