
সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট (বিশেষ প্রতিনিধি):
বিয়ানীবাজারে ছিনতাই হওয়া একটি সিএনজি অটোরিক্সা পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ৫ মার্চ রাতে নিজ মালিকানাধীন সিএনজি অটোরিক্সায় গ্যাস নিতে এসে ছিনতাইকারীদের কবলে পড়েন গাড়ির মালিক শাহাদাত হোসেন সামাদ, যিনি জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। যাত্রী সেজে অন্যত্র যাওয়ার কথা বলে ছিনতাইকারীরা তাকে মুল্লাপুর ইউনিয়নের লাসাইতলা হাওর এলাকায় নির্জন স্থানে নিয়ে গিয়ে অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় তাকে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করেন।
মামলা দায়ের ও তদন্তের পর সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার করে। একই সঙ্গে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
রাজন আহমদ (৩৫), মাথিউরা পূর্বপাড়া, বিয়ানীবাজার
খায়রুল ইসলাম সরোয়ার (২৮), মখলিছুর রহমানের ছেলে, জকিগঞ্জ
সালেহ আহমদ সুলতান (৩৫), শাহগলী নিদনপুর
মাহমুদ হোসেন জাহিদ (৩৫), চাঁদপুর জেলার মতলব উত্তর
বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।