
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উলিপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে—
২৫ মার্চ শহীদদের স্মরণে আলোচনা সভা
রাত ১১টা ৩০ মিনিটে প্রতীকী ব্ল্যাকআউট (আলোক নিভিয়ে এক মিনিট নীরবতা পালন)
বিশেষ দোয়া মাহফিল
এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি সমূহের মধ্যে রয়েছে—
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, “স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।”