
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে “জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনা করেন সিসিএইচ কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নাজমুল খাঁন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ডা. তানজিম হোসেন, এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মির্জা মোহাম্মদ আলী খাঁন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক গীতা রানী দেবনাথ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ্ ফুজায়েল আহমদ, সিনিয়র স্টাফ নার্স মোছাঃ ফয়জুন্নেসা বেগম, মোছাঃ জেরিন আক্তার, মোছাঃ দিলরুবা প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়নের সদস্য মোহাম্মদ লাকু মিয়া, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আলিম উদ্দিন, মদ্দিনুল ইসলাম, শক্তি ফাউন্ডেশনের প্রতিনিধি ও সমাজসেবক মশাহিদ শিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে চর্মরোগ, ডায়রিয়া ও অন্যান্য রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। রোগ প্রতিরোধে কাপড়-চোপড় জীবাণুনাশক দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, এবং খাবারের আগে সাবান দিয়ে হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া দেশীয় শাকসবজি, দেশি মাছ, মুরগি ও ডিম নিয়মিত খাওয়ার পাশাপাশি শিশুদেরও পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়।
প্রতি তিন মাস অন্তর কৃমিনাশক ওষুধ সেবন, নারীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার এবং দুর্যোগকালীন সময়ে ব্র্যাকের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়। অপুষ্টিতে আক্রান্ত শিশু থাকলে নিকটস্থ হাসপাতাল ও ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
ব্র্যাকের কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে এবং ম্যালেরিয়া ও ডেঙ্গুর বাহক ধ্বংসে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তিনি আরও বলেন, জগন্নাথপুরে ব্র্যাকের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, সমাজসেবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।