
জুবায়ের খান প্রান্ত, স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন সৃজনী হারুনের তেলপাম্পে তেল কিনতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে নিরব নামে এক যুবক নিহত হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিরব ওই ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যান। এ সময় তেল দেওয়া নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই বিতণ্ডা চরম আকার ধারণ করলে কর্মচারীরা উত্তেজিত হয়ে নিরবের ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।