
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে একটি কারখানা সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে প্রায় ১ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৭টায় বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়া এলাকায় অবস্থিত মা পলি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি বগুড়া এবং পরিবেশ অধিদপ্তর বগুড়ার যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ (এটিসি) এবং বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।
অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল। এ সময় প্রায় ১ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারায় কারখানার মালিক মো. আমিনুল ইসলাম (পিতা: মৃত দিল গনি, ঠিকানা: লালবাগ, আজিমপুর, ঢাকা) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরিবেশবিরোধী কার্যক্রম দমনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।