
জামালপুরের মেলান্দহ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল জনসমুদ্রে পরিণত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার ২ নং কুলিয়া ইউনিয়নে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
বিকেলে কুলিয়া ইউনিয়নের নির্ধারিত মাঠে শুরু হওয়া এ মাহফিলে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শুরুর আগেই মাঠ ছাড়িয়ে লোকসমাগম আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিলটি এক বিশাল সামাজিক মিলনমেলায় রূপ নেয়। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় এটিই ছিল সবচেয়ে বড় ইফতার আয়োজন।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এলাকায় সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন,
“মেলান্দহ ও মাদারগঞ্জের পবিত্র মাটিতে কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা অন্যায়ের ঠাঁই হবে না। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যা হবে শোষণমুক্ত এবং ন্যায়বিচারভিত্তিক। সাধারণ মানুষের অধিকার হরণ করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমরা ইনসাফ কায়েম করব এবং একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণে কাজ করে যাব। জনগণের সেবক হিসেবে আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব।” পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মরহুম নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মোনাজাত শেষে হাজারো মানুষ সারিবদ্ধভাবে বসে একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
বিশাল জনসমাগম সত্ত্বেও শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করায় আয়োজক কমিটির প্রশংসা করেন উপস্থিত সাধারণ মানুষ। অনুষ্ঠানে ২ নং কুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।