যশোরে দুই সেতুর ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ দুটি ইউনিয়নে নির্মাণাধীন সেতুর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তিনি পৃথকভাবে এ দুই প্রকল্পের উদ্বোধন করেন।
প্রকল্প দুটি হলো—উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর খালের ওপর নির্মাণাধীন সাড়ে নয় মিটার দৈর্ঘ্যের একটি সেতু এবং শিমুলিয়া ইউনিয়নের জামতলা মোড় থেকে বোধখানা সড়কে নির্মাণাধীন সাড়ে নয় মিটার দৈর্ঘ্যের আরেকটি সেতু।
ছুটিপুর সেতুর ছাদ ঢালাই কাজের উদ্বোধনকালে স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনী খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
প্রতিটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ ৬১ হাজার ৩১০ টাকা।
উদ্বোধনকালে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ গণমাধ্যমকে বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চান তিনি। তিনি কপোতাক্ষ ও বেতনা নদের সংযোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, ছুটিপুর-যশোর ব্রিজটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সরকার খাল খননের ওপর যে গুরুত্ব দিয়েছে, তা সময়োপযোগী বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, স্থানীয় সুশীল সমাজকে নিয়ে উন্নয়ন প্রকল্প তদারকি কমিটি গঠনের চিন্তা রয়েছে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনী খাতুন বলেন, বদ্ধ ও পুনঃখননযোগ্য খালের তালিকা প্রস্তুতের নির্দেশনা রয়েছে। ঝিকরগাছা উপজেলায় এ তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে। তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তিনি জানান, উপজেলায় বর্তমানে এ ধরনের পাঁচটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জলাবদ্ধতা দূর হবে এবং জনসাধারণের চলাচলে সুবিধা বাড়বে।
প্রকল্প দুটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর। তত্ত্বাবধানে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।
এলাকার উন্নয়ন কার্যক্রম তদারকিতে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয় জনগণ এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।













