সংসদে প্রতিনিধিত্ব পেল ৯ দল, ৪২ দল আসনশূন্য
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন সমীকরণের মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে জনরায়ে সংসদীয় আসন লাভ করতে পেরেছে মাত্র ৯টি দল, আর বাকি ৪২টি দল কোনো আসন পায়নি।
নির্বাচন কমিশনের ঘোষিত ২৯৭ আসনের ফল বিশ্লেষণে দেখা যায়, এককভাবে ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১১ দলীয় জোটের শরিক এনসিপি পেয়েছে ৬টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিস জয়ী হয়েছে ২টি আসনে। এছাড়া এককভাবে একটি করে আসন পেয়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং গণসংহতি আন্দোলন। দলীয় প্রার্থীদের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন ৭টি আসনে।
৩০০ আসনের মধ্যে ২৯৭টির ফল ঘোষণা করা হলেও ৩টি আসনের ফল এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে একটি আসনে ভোট স্থগিত রয়েছে এবং বাকি দুটি আসন আইনি জটিলতার কারণে আটকে আছে।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, এবারের নির্বাচনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন ২৭৩ জন। দলীয় প্রার্থীদের মধ্যে ১ হাজার ৬৯২ জন পুরুষ ও ৬৩ জন নারী, আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২৫৩ জন পুরুষ ও ২০ জন নারী ছিলেন।
উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী দিয়েও একটি আসনও পায়নি ৪২টি দল। এর মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি, সিপিবি, জাসদ, জেএসডি, গণফোরাম, জাকের পার্টি, বাসদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাপ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি, এনডিএম এবং বাংলাদেশ কংগ্রেসসহ আরও অনেক দল। বড় দলগুলোর তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও দ্বিমুখী লড়াইয়ের চাপে ছোট দলগুলোর বড় ধরনের ভরাডুবি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।













