
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
ভারত মহাসাগরীয় দ্বীপ দেশ মাদাগাস্কার-এ ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডবে অন্তত ৩৮ জন নিহত এবং ৩৭৪ জন আহত হয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঘূর্ণিঝড়টি পূর্ব উপকূলীয় বন্দরনগরী তুয়ামাসিনা-এ আঘাত হানে। সে সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার ছিল, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে।
জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের তথ্যে জানানো হয়, ঝড়ে ১২ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। বহু এলাকার ঘরের ছাদ উড়ে গেছে, দেয়াল ধসে পড়েছে এবং জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ঝড়ে ১৮ হাজার ৬০০ ঘরবাড়ি প্লাবিত, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া ৪৯৩টি শ্রেণিকক্ষ ও ২০টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানক্ষেতের ব্যাপক ক্ষতির পাশাপাশি পানীয় জলের উৎস দূষিত হওয়ায় জনস্বাস্থ্যঝুঁকিও বেড়েছে।
এর আগে ৩১ জানুয়ারি উত্তর-পশ্চিম মাদাগাস্কারে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘ফিটিয়া’তে অন্তত ১২ জন নিহত ও প্রায় ৩১ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই দুর্যোগের তীব্রতা ১৯৯৪ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় জেরালদার সঙ্গে তুলনীয়।