
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
মার্কিন কংগ্রেসের প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য জেরি ন্যাডলার ইসরাইলের পশ্চিম তীরে সাম্প্রতিক পদক্ষেপকে উদ্বেগজনক উল্লেখ করেছেন। তিনি বলেন, এই উদ্যোগ ইসরাইলের সামরিক দখলকে কার্যত স্থায়ী করে তুলবে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নষ্ট করবে।
ন্যাডলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “যদি এই ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হয়, পশ্চিম তীরে ইসরাইলের সামরিক দখল স্থায়ী হবে এবং দুই রাষ্ট্র সমাধানের পথ বন্ধ হয়ে যাবে।” তিনি সতর্ক করে বলেন, এমন সিদ্ধান্ত ইসরাইলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং বিশ্বজুড়ে কূটনৈতিক অবস্থানকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) ইসরাইলের ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি স্থাপন এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ সম্প্রসারণের পদক্ষেপ ঘোষণা করেন। এর মাধ্যমে সেটেলারদের জন্য নতুন জমি অধিগ্রহণ সহজ হবে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরাইলের পদক্ষেপের বিরোধিতা করেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, “পশ্চিম তীর স্থিতিশীল থাকলে ইসরাইলও নিরাপদ থাকে, যা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে সহায়ক।”
এদিন মুসলিম সংখ্যাগরিষ্ঠ আট দেশ—মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত—এক যৌথ বিবৃতিতে ইসরাইলের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। তারা বলেছে, এ পদক্ষেপের উদ্দেশ্য অবৈধ বসতি স্থাপনকে আরও দৃঢ় করা এবং পশ্চিম তীরে নতুন আইনি ও প্রশাসনিক বাস্তবতা চাপানো।