
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: আরিফ হাসান গজনবী
বাগেরহাটের রামপাল উপজেলায় বিএনপির ধানের শীষ প্রার্থীর পক্ষে অনুষ্ঠিত জনসভায় সামাজিক নিরাপত্তা জোরদার, বেকারত্ব দূরীকরণ এবং নিরাপদ কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করা হয়েছে। সোমবার বিকেল তিনটায় ঝনঝনানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সভাপতিত্ব করেন রামপাল থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুল ইসলাম বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও বিস্তৃত হবে এবং যুব বেকারত্ব সমাধানে বাস্তবভিত্তিক পরিকল্পনা নেওয়া হবে। নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির অগ্রাধিকার।” তিনি আরও যোগ করেন, “দলে কোনো ব্যক্তিগত ভেদাভেদ নেই, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করছে।”
সভাপতির বক্তব্যে হাফিজুর রহমান তুহিন বলেন, “রামপালের মানুষ উন্নয়নের নামে বৈষম্য নয়, ন্যায়বিচার, নিরাপত্তা ও কর্মসংস্থান চায়। ধানের শীষের প্রার্থী জনগণের এই প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।”
সমাবেশ চলাকালে বিভিন্ন স্লোগানে মাঠ ও আশপাশ মুখরিত হয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই জনসভা বাগেরহাট-৩ আসনে ধানের শীষের শক্তিশালী গণসমর্থনের ইঙ্গিত দিয়েছে।