
মোঃ রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
বগুড়া জেলার গাবতলী থানাধীন এলাকায় সংঘটিত বেদে সম্প্রদায়ের যুবক মোঃ শাকিল (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া জানতে পারে যে গাবতলী থানার মামলা নং-৪ (তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫) এর ৬ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ নাঈম ইসলাম (২১) এবং ৭ নম্বর এজাহারভুক্ত আসামি মোঃ তৌফিক (২৩) গ্রেফতার এড়াতে নিজ নিজ এলাকায় আত্মগোপনে রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা এবং ভোর ৬টা ১৫ মিনিটে গাবতলী থানাধীন সোনাপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ নাঈম ইসলাম (পিতা: টুলু মিয়া) ও মোঃ তৌফিক (পিতা: আব্দুল সালেক মিয়া), সাং—সোনাপুর, উভয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, খুন, ডাকাতি, মাদকসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।