
মো. আরফান আলী
ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনী জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি ছাত্রদের নিয়ে প্রথম বিএনপি সংগঠন শুরু করেছিলেন জাতীয় পার্টিকে ঠেকাতে। ধীরে ধীরে দলকে সংগঠিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়া হয়েছে।
ফখরুল বলেন, “ভোটাধিকার আদায়ের জন্য গত ১৫ বছর ধরে আন্দোলন করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। শুধু জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছে। এত ত্যাগের পরেই আমরা এই নির্বাচন পেয়েছি।”
তিনি আরও বলেন, “বিএনপি গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও উন্নয়নের প্রশ্নে আপোষহীন। যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে, তারা দেশ ও ঠাকুরগাঁওয়ের ক্ষতি করবে। একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব, এটি পেছনে ফেললে বিপদ তৈরি হবে।”
ধর্মের অপব্যবহার প্রসঙ্গে ফখরুল সতর্ক করে বলেন, “ভোট একটি আমানত—খেয়ানত করা যাবে না। সঠিক সিদ্ধান্ত না হলে দেশ আবারও বিপদে পড়বে।”
তিনি উপস্থিতদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।