
মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ আমিরুল ইসলাম খান আলিম। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়নে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় বড়ধুল ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ পথসভা আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের সহধর্মিণী মোছাঃ শাহানাজ প্রাধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক আয়নান হক (বড়ধুল ইউনিয়ন বিএনপি), সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ আকন্দ (বেলকুচি থানা বিএনপি), সদস্য সচিব সুমন শেখ (বড়ধুল ইউনিয়ন যুবদল) এবং ভারপ্রাপ্ত সভাপতি কছির উদ্দিন (বড়ধুল ইউনিয়ন যুবদল)। এছাড়াও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমিরুল ইসলাম খান আলিম নির্বাচিত হলে বড়ধুল ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, ভাঙনপ্রবণ এলাকায় রক্ষা বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।
তারা আরও বলেন, এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, পথসভাটি আয়োজন করে ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির ৫ ও ৬নং ওয়ার্ড শাখা।