
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালী-০১ আসনের সোনাইমুড়ী হাইস্কুল মাঠে গতকাল পীরসাহেব চরমোনাইয়ের নেতৃত্বে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হন। জনসভাস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
নোয়াখালী-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জহিরুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)। বক্তব্যে তিনি দেশ ও জনগণের কল্যাণে নৈতিক নেতৃত্ব, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ভোটারদের সচেতন হয়ে দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, নোয়াখালীর মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। তিনি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করেন।
জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় এবং উপস্থিত জনতা উচ্ছ্বাসের মধ্য দিয়ে সভাস্থল ত্যাগ করেন।