
নিউজ ডেস্ক, আমার সকাল২৪
ঢাকা, ২ ফেব্রুয়ারি: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার বিকেলে ঘোষণা করেছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায়। নতুন দাম বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় আনা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে অন্যান্য ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দামও নির্ধারিত হয়েছে—২১ ক্যারেট: ২,৩৪,৫৬৩ টাকা, ১৮ ক্যারেট: ২,০১,০৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১,৬৪,৫২৩ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণ বিক্রির সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হেরফের হতে পারে।
এর আগে একই দিনে সকালে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৬,৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে দেশজুড়ে স্বর্ণের দাম ২২ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৪ বার বৃদ্ধি ও ৮ বার হ্রাস করা হয়েছে।