
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
পাহাড়ি কন্যা ও অপরূপ সৌন্দর্যের জেলা বান্দরবানে যথাযথ মর্যাদায় আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রীনী এবং জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক শামীম আরা রীনী বলেন, “১৬ ডিসেম্বর আমাদের জাতীয় গৌরবের প্রতীক এবং স্বাধীনতার চূড়ান্ত সাফল্যের স্মারক। স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসব্যাপী কর্মসূচির শেষ পর্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালা সমাপ্ত হয়।