
বিশেষ প্রতিনিধি : মো. মনিরুজ্জামান
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিসা প্রতারণার অভিযোগে সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবু (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত সোহেল রানা বাবু সৈয়দপুর উপজেলার খালিসা ধুলিয়া গ্রামের মো. আদর আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিলেট জেলার বালাগঞ্জ থানা এলাকার মৃত ছোয়াব উল্লার ছেলে নিজাম উদ্দিন (৫৬)সহ মোট ৮৫ জন ব্যক্তি অনলাইন ভিসা প্রতারণার শিকার হয়ে মৌখিকভাবে ডিবি পুলিশকে অভিযোগ জানান। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীদের কাছ থেকে কানাডার ভিসা দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও ব্যাংকের মাধ্যমে মোট এক কোটি ২৭ লাখ টাকা আদায় করা হয়।
অভিযোগের সত্যতা যাচাই শেষে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রত্যক্ষভাবে জড়িত সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবুকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ১৯টি জাল পাসপোর্ট, টাকা ও পাসপোর্ট গ্রহণের হিসাব সংক্রান্ত একটি খাতা, সিডনি (অস্ট্রেলিয়া) ভিত্তিক একটি কোম্পানির আইডি কার্ড, জাল কানাডিয়ান ডলার (১০০০ ডলারের ৩৫টি নোটের একটি বান্ডিল, ৫০০ ডলারের ৩৭টি নোটের একটি বান্ডিল এবং ১০০ ডলারের ৩২টি নোটের একটি বান্ডিল) উদ্ধার করে। এছাড়া অন্যান্য দেশের মুদ্রার পৃথক দুটি বান্ডিল—একটিতে ৭০টি ও অন্যটিতে ৪০টি নোট—এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যান্ড টেলিফোনও উদ্ধার করা হয়।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আকতার হোসেন জানান, জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা বাবু স্বীকার করেছেন যে তিনি তার সহযোগী ও অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় ভুক্তভোগীদের কানাডিয়ান ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক কোটি ২৭ লাখ টাকা গ্রহণ করেছেন।
এ ঘটনায় সোহেল রানা বাবুর বিরুদ্ধে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইন ও পেনাল কোড অনুযায়ী জাল টাকা ও ডলার রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।