
উথোয়াই খৈ রাখাইন, চট্টগ্রাম (স্টাফ রিপোর্টার)
সীতাকুন্ডের দুর্গম পাহাড়ি এলাকায় এক ভয়ঙ্কর ঘটনায় ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) শিশুটি মারা যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭ টার দিকে ৫০ বছর বয়সী বাবু শেখকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ কাজির আহম্মেদ খাঁন জানান, ভুক্তভোগী শিশুটির বাবা মনির হোসেনের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির দীর্ঘদিনের বিরোধ ও শত্রুতা ছিল। এই শত্রুতা ও বিরোধের জের ধরে শিশুটিকে লক্ষ্যবস্তু করে হত্যার ঘটনা ঘটে।
পুলিশের বরাতে জানা যায়, গত ১ মার্চ রবিবার সকালে পূর্ব পরিকল্পনামাফিক বাবু শেখ চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সীতাকুন্ড ইকোপার্কের কাছাকাছি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে অভিযুক্ত ছুরিকাঘাত করে এবং মৃত ভেবে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে পালায়।
ঘটনার দিন বেলা ১:৩০ মিনিটের দিকে সীতাকুন্ড পাহাড়ের নির্মাণাধীন সড়কে কর্মরত শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ সুপার জানান, কুমিরা থেকে সীতাকুন্ড পাহাড় পর্যন্ত সড়কের সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ফুটেজ থেকে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে বাবু শেখকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।