
হোসেনপুর (কিশোরগঞ্জ) – মহান বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে স্লোগান দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা নিষেধাজ্ঞা জারি করেন। ইউএনওর রাগান্বিত কন্ঠে স্লোগান দাওয়া নিষিদ্ধ করায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানায়।
স্থানীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. মনিরুল হক রাজন, যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র এসএম মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজসহ শতাধিক নেতাকর্মী উপজেলা পরিষদ মাঠে প্রবেশ করলে ইউএনও উচ্চ কন্ঠে স্লোগান দিতে নিষেধ করেন। এতে কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও স্থানীয় প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএস মো. আবুল হাসিম সবুজ জানান, পূর্বেও একই মাঠে শহীদ জিয়ার নামে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়েছেন, কোনো ইউএনও তা বাধা দেননি। তিনি ইউএনওর আচরণকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি কামনা করেন।