
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং সীমান্ত দিয়ে পাচার রোধে বিজিবি, র্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে তেলের বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ মজুদ ও পাচারের চেষ্টা করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিকেল ৩টার দিকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসিম হাসানের নেতৃত্বে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা জেলা সদরের চৌধুরী বাজার, নবীগঞ্জের শাপলা ফিলিং স্টেশনসহ বিভিন্ন বাজার ও গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে বিভিন্ন ফিলিং স্টেশন ও গুদাম পরিদর্শন করা হয় এবং অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।