
আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি: রাসেল
হবিগঞ্জ জেলায় জেলা পরিষদের চেয়ারম্যান (প্রশাসক) হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব।
মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ প্রদান করা হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব খোন্দকার ফরহান আহমদ।
প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ ক (৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।
নবনিযুক্ত চেয়ারম্যান আহমেদ আলী মুকিব হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের কৃতি সন্তান। তিনি একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা তার রাজনৈতিক ও কূটনৈতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।
তার এই নিয়োগে এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। বিশেষ করে শিবপাশা ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, এটি আজমিরীগঞ্জসহ পুরো হবিগঞ্জ জেলার জন্য গর্বের বিষয়।
উল্লেখ্য, আহমেদ আলী মুকিব দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
হবিগঞ্জবাসীর প্রত্যাশা, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে জেলার প্রশাসনিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব হবে।