প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ড শনাক্ত

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ড শনাক্ত
ঢাকা প্রতিনিধি, আমার সকাল ২৪
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া মন্তব্য ও ফটোকার্ড শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি-এর লোগো ও ডিজাইন ব্যবহার করে ফেসবুকে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে দাবি করা হয়— ‘৫ আগস্টসহ সকল মবের মামলা করতে পারবে’।
তবে অনুসন্ধানে দেখা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে নাগরিক টিভিও এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বলে নিশ্চিত হওয়া গেছে।
বাংলাফ্যাক্টের তদন্তে জানা যায়, ‘দেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামের একটি পুরনো ও আসল ফটোকার্ড বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ভারতীয় কিছু গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কয়েকটি ফেসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ধরনের ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার না করার আহ্বান জানিয়েছেন।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)