
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগী পৌরসভার সড়ক, প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এবং ড্রেনসহ বিভিন্ন চলমান অবকাঠামো উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এডিপি ও সিটিসিআরপি প্রকল্পের আওতায় বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এবং বাংলা লিংক টাওয়ার থেকে খাদ্য গুদাম সড়ক পর্যন্ত পৌরসভার একাধিক অবকাঠামো উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনের আগে, নাজমুল হুদা শামিম পৌর কার্যালয়ে পৌঁছালে পৌর প্রশাসক ও বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন এবং বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দীন তাঁকে স্বাগত জানান। এসময় তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিটি নির্মাণ কাজের গুণগত মান সম্পর্কে আলোচনা করেন।
অতিরিক্ত সচিব সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, নির্মাণ কাজের সর্বোচ্চ মান বজায় রাখা এবং কাজের গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।