
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা বিস্তার ও মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সংগঠনটির জীবন সদস্য জুয়েব আহমদ এবং জগন্নাথপুর বাজারের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ইমা টেইলার্স অ্যান্ড ফ্যাশন হাউজ-এর পক্ষ থেকে স্বপ্নজয়ী পাঠশালার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চেয়ার-টেবিল, দেয়ালঘড়ি, স্কুলের নাম সম্বলিত সাইনবোর্ড এবং ৫২ জন শিক্ষার্থীর জন্য এক বছরের প্রয়োজনীয় জ্যামিতি বক্স, হাজিরা খাতা, স্ট্যাপলার, খাতা, কলম, মার্কার, পেন্সিল, ডাস্টার ও রঙ পেন্সিলসহ নানা শিক্ষা সামগ্রী।
স্বপ্নজয়ী পাঠশালার অস্থায়ী ক্যাম্পাস আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় মার্কেটের ২য় তলায় দুপুর ১টায় আয়োজিত অনুষ্ঠানে জগন্নাথপুর শাখার শিক্ষিকা তমা রানী দাশের হাতে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সভাপতি মাওলানা হুমায়ুন কবির, প্রবাসী সদস্য জুয়েল আহমদ, সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউজ্জামান সানি, প্রচার সম্পাদক আশিকুর রহমান, ক্রীড়া সম্পাদক সাহেদ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউকে-ভিত্তিক চ্যারিটি সংগঠন বিআরটি’র প্রতিনিধিবৃন্দ, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, ব্যবসায়ী শাহজান মিয়া, স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষিকা ফাতেমা বেগম, তমা রানী দাশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত পথশিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে স্বপ্নজয়ী পাঠশালার রূপকার সাগরিকা নাসরিনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে স্বপ্নজয়ী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ভবিষ্যতে সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় এ ধরনের শিক্ষা কার্যক্রম বিস্তারের প্রত্যয় ব্যক্ত করা হয়।