সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান মামুনকে দেখতে চায় এলাকাবাসী
মোঃ আমজাদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা। এরই মধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে মোস্তাফিজুর রহমান মামুনের নাম।
স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান মামুনকেই দেখতে আগ্রহী। তাদের মতে, একজন দক্ষ, অভিজ্ঞ ও কর্মমুখী নেতৃত্বই পারে উপজেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে।
এলাকাবাসীর মধ্যে অনেকেই জানতে চান—কে এই মোস্তাফিজুর রহমান মামুন? কী তাঁর রাজনৈতিক পরিচয়?
খোঁজ নিয়ে জানা যায়, মোস্তাফিজুর রহমান মামুন বিএনপির একজন প্রবীণ ও ত্যাগী নেতা। তিনি ঢাকা মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বগুণের মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ে ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে যুবসমাজকে সংগঠিত করতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
রাজনীতির পাশাপাশি ক্রীড়া অঙ্গনেও রয়েছে তাঁর সক্রিয় সম্পৃক্ততা। তিনি ১৯৮৪-৮৫ এবং ১৯৮৫-৮৬ সালে যুব জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা জেলা যুব ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডিভিশনাল ক্রিকেট টুর্নামেন্টেও ঢাকা জেলা দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স বোর্ডের সাবেক সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় নেতৃবৃন্দরা জানান, মোস্তাফিজুর রহমান মামুন একজন পরোপকারী ও মানবিক মানুষ। তাঁর নেতৃত্বে সোনারগাঁয়ে উন্নয়ন সম্ভব বলে তারা আশাবাদী।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, “রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। মানুষের উপকার করতে হলে একটি অবস্থান প্রয়োজন। ছোটবেলা থেকেই দলের সঙ্গে আছি—জীবনের শৈশব ও কৈশোর রাজনীতির জন্যই ব্যয় করেছি। যতদিন বেঁচে থাকি, মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”