
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদকঃ
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ফসল রক্ষায় নির্মাণাধীন ফসলরক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার কঠোর নির্দেশ দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি জেলার ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরে চলমান বাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, কলিম উদ্দিন আহমেদ মিলন, নুরুল ইসলাম নুরুল ও কামরুজ্জামান কামরুল। এছাড়া পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্ত্রী হাওরের গুরুত্বপূর্ণ বাঁধগুলো সরেজমিনে ঘুরে দেখেন এবং নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান ও নির্ধারিত সময়সীমা সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদের প্রধান অবলম্বন বোরো ধান। অকাল বন্যা ও পাহাড়ি ঢলের ঝুঁকি থেকে এই ফসল রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মতভাবে বাঁধ নির্মাণ সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি)-এর দায়িত্বপ্রাপ্তদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা নিম্নমানের কাজ সহ্য করা হবে না—এমন কঠোর হুঁশিয়ারিও দেন তিনি। কৃষকরা যেন নির্বিঘ্নে তাঁদের সোনালি ফসল ঘরে তুলতে পারেন, সে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশ দেন পানিসম্পদ মন্ত্রী।
পরিদর্শন শেষে স্থানীয় কৃষকরা সরকারের এ তৎপরতাকে স্বাগত জানান। তারা দ্রুত ও টেকসই বাঁধ নির্মাণ নিশ্চিত করে সময়মতো কাজ শেষ করার জোর দাবি জানান। হাওরবাসীর প্রত্যাশা—এবার আর অকাল বন্যার আগ্রাসনে স্বপ্নভঙ্গ হবে না।