
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলায় মোট ১২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-১ আসনে একজন, সুনামগঞ্জ-২ আসনে একজন, সুনামগঞ্জ-৪ আসনে দুজন এবং সুনামগঞ্জ-৫ আসনে তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সুনামগঞ্জ-৩ আসনে জামানত বাজেয়াপ্ত হওয়া পাঁচ প্রার্থী হলেন— অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী, মাহফুজুর রহমান খালেদ তুষার, শেখ মুশতাক আহমদ, সৈয়দ তালহা আলম এবং হুসাইন আহমেদ।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, নির্বাচনী আইন অনুযায়ী মোট প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর আর কোনো প্রত্যাহার গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, এ আসনে মোট ১ লাখ ৬৪ হাজার ৩৯২ ভোট পড়েছে। সে হিসাবে কোনো প্রার্থী ২০ হাজার ৫৪৯ ভোটের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে।
এই আসনে ৭ প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কয়ছর আহমেদ ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপর ছয় প্রার্থীর মধ্যে কেবল স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছেন। বাকি পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।