
শাহ্ ফুজায়েল আহমদ, সুনামগঞ্জ:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি, বুধবার পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি ইকরামুল হক মাজেদ। এছাড়াও পৌর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, এটি তাকওয়া অর্জন, আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস। মাহে রমাদান কুরআনের আলোকে ব্যক্তি ও সমাজ গঠনের শিক্ষা দেয়, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণা দেয়।
সভাপতির বক্তব্যে ইকরামুল হক মাজেদ বলেন, রমাদান জীবনে পরিবর্তনের সুযোগ এনে দেয়। তিনি সবাইকে বেশি বেশি ইবাদত, দান-সদকা এবং সমাজ কল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।
সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।