
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন (ইসি) জানায়, ভাষণটি ইতিমধ্যেই মঙ্গলবার রেকর্ড করা হয়েছে এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার ও দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে।
ভাষণে সিইসি দেশের মানুষকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন এবং ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোটদানের আহ্বান জানাবেন। এছাড়া দেশজুড়ে নির্বাচনি সামগ্রী বিতরণ, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন, সিসি ক্যামেরা ও ড্রোন নজরদারির মাধ্যমে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণসহ অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতি কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।