
আরিফ হাসান গজনবী
(রামপাল) বাগেরহাট প্রতিনিধি ::
বাগেরহাট জেলার রামপাল উপজেলার কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মাইনুল ইসলাম সোহান ২০২৬ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি–এনআরবি) হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ফুলেল শুভেচ্ছা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাটাখালি মোড়সহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাইনুল ইসলাম সোহান দীর্ঘদিন ধরে চিংড়ি ও কাঁকড়াসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য বিদেশে রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছেন। একজন সফল আমদানিকারক ও রপ্তানিকারক হিসেবে তিনি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দেশের অর্থনীতি ও রপ্তানি খাতে ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে সিআইপি (এনআরবি) সম্মাননায় ভূষিত করে।
তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসবাস করছেন এবং সেখান থেকেই বাংলাদেশি পণ্য রপ্তানির কার্যক্রম পরিচালনা করছেন। সিআইপি (এনআরবি) হিসেবে তিনি সরকার অনুমোদিত পরিচয়পত্রসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ভোগ করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মাইনুল ইসলাম সোহান দেশবাসী ও রামপালবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন। তিনি বলেন,
“এই সম্মান আমার একার নয়; এটি আমার এলাকার মানুষের ভালোবাসা ও দেশের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি। ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনীতি ও রপ্তানি খাতকে আরও সমৃদ্ধ করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
তার এই সাফল্যে রামপাল উপজেলাসহ বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মনে করেন, মাইনুল ইসলাম সোহানের এই অর্জন প্রবাসে অবস্থানরত বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।