
মোঃ মেহেদী হাসান, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ফরিদপুর জেলার সালথা উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিনা গ্রামের বাসিন্দা সঞ্জয় মালোর সঙ্গে একই এলাকার মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর মধ্যে সরকারি জমির লিজ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে শুক্রবার রাতে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করে। বিরোধপূর্ণ সরকারি জমির দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল জানান, সংঘর্ষের খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ মেহেদী হাসান
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
২৮ ফেব্রুয়ারি ২০২৬
ফরিদপুর জেলা প্রতিনিধি