
মোঃ মেহেদী হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি, আমার সকাল ২৪ – অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও পরিবহনের অভিযোগে ফরিদপুরের সালথা উপজেলায় এক যুবককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে একটি ট্রলি গাড়িতে ৩২০ লিটার ডিজেল বহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে নিশ্চিত হয় যে, তারা মনোয়ারা ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করেছিলেন।
এ ঘটনায় তেল বহনকারী মিকাইল হোসেন (২১) কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ৩২০ লিটার ডিজেল সংশ্লিষ্ট পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দিন বলেন,
“জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানাতে সচেতন মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।”
স্থানীয় প্রশাসনের এই ধরনের অভিযান জ্বালানি খাতে অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল।