
মোঃ মেহেদী হাসান, ফরিদপুর প্রতিনিধি:
সালথা উপজেলাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাট ও চৈতালী ফসল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা সদরের বাইপাস সড়কের পুরুড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় ২৫ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলামের পাটের গুদামে ধোঁয়া দেখতে পান পথচারীরা। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ খবর দেন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের দুটি ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৩৫০ মন পাট, ৫০ মন মুসুরি ডালসহ অন্যান্য চৈতালী ফসল পুড়ে ও পানিতে নষ্ট হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক তার টিনের ছাদের ওপর পড়ে আগুনের সূত্রপাত হয়। তার গুদামে থাকা বিপুল পরিমাণ পাট ও ডাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার একারই প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। তবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে জন্য বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।