
মোঃ মেহেদী হাসান, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলায় খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি আল মক্কা মসজিদ সংলগ্ন এলাকা থেকে সেনহাটি নদীর মোহনা পর্যন্ত এই খাল খনন কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন,
“শুধু খাল খনন নয়, আমরা এ এলাকার স্কুল-কলেজ, ব্রিজ, কালভার্ট ও রাস্তাঘাটসহ সকল উন্নয়ন কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবো—যদি আপনারা আমাদের পাশে থাকেন। যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি—সরকারের দৃষ্টিতে সবাই সমান অধিকার ভোগ করবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এ ধরনের অপরাধ দমনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।