
ফরিদপুর, মোঃ মেহেদী হাসান (প্রতিনিধি):
ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও পরিবহনের দায়ে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে একটি ইজিবাইকযোগে ১৯৩ লিটার পেট্রোল বহন করার সময় তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন।
জরিমানা প্রদান শেষে জব্দকৃত পেট্রোল স্থানীয় মেসার্স মনোয়ারা পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়মের তথ্য পেলে প্রশাসনকে দ্রুত জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।