
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
সারাদেশে হামের প্রাদুর্ভাবে অন্তত ১০০ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে একাধিক জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। রোববার (২৯ মার্চ) এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সরকার ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিম্নরূপ—
তদন্তের নির্দেশ:
উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে দুইজন মন্ত্রীকে সরাসরি মাঠপর্যায়ে গিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা:
এই মৃত্যুর ঘটনায় যাদের অবহেলা বা গাফিলতি রয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জরুরি বরাদ্দ:
হামসহ সংক্রামক রোগ মোকাবিলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় টিকা ক্রয়ের জন্য জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চিকিৎসা সরঞ্জাম সরবরাহ:
রাজশাহীসহ আক্রান্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে ভেন্টিলেটর ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। সরকারি প্রক্রিয়ার জটিলতা এড়াতে স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সহায়তায় এসব সরঞ্জাম সংগ্রহ করছেন।
বিশেষায়িত ইউনিট চালু:
ডিএনসিসি হাসপাতালসহ দেশের বিভিন্ন সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের চিকিৎসার জন্য আলাদা কর্নার বা বিশেষ ইউনিট চালু করা হয়েছে।
সচেতনতা ও টিকাদান জোরদার:
দেশজুড়ে স্থবির হয়ে পড়া টিকাদান কর্মসূচি পুনরুজ্জীবিত করতে এবং ঘরে ঘরে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অস্বাভাবিক হারে শিশুমৃত্যুর ঘটনা ঘটার প্রেক্ষিতে সরকার এসব জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।