
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষার্থীরা ‘আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৬’-এর জাতীয় পর্যায়ে অসামান্য সাফল্য অর্জন করেছে। ‘ক’ বিভাগ (৬ষ্ঠ–৯ম শ্রেণি) প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থী প্রথম এবং তৃতীয় স্থান দখল করে নতুন এক গৌরবময় মাইলফলক স্থাপন করেছে।
গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিজয়ীদের হাতে মেডেল, সম্মাননা স্মারক এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, এবং বিশেষ অতিথি ছিলেন ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন নরিহিদে ফরুকাওয়া। অনুষ্ঠানটি শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবুল মুনসুর মুহম্মদ আবু মুসা, এবং সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন।
এবারের অলিম্পিয়াডে নবম শ্রেণির শিক্ষার্থী কে এম খালিদ সাইফুল্লাহ জাতীয় পর্যায়ে প্রথম স্থান এবং সাফওয়ান ইসলাম ইয়াফি তৃতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানটির গৌরব বৃদ্ধি করেছেন।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, সমগ্র শিক্ষা পরিবার ও দেশের জন্য গৌরবের। লিটারেচার ক্লাবের এই ধারাবাহিক সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় অর্জনের পথ সুগম করবে।”
এই সাফল্যের মাধ্যমে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বৈশ্বিক মেধা অন্বেষণের দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ এই দুই শিক্ষার্থী এবার রোমানিয়ায় অনুষ্ঠিত চূড়ান্ত আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এ দেশের প্রতিনিধিত্ব করবে এবং লাল-সবুজের পতাকাকে আন্তর্জাতিক মঞ্চে উঁচুতে নিয়ে যাবে।