
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত প্রায় ০০৪৫ ঘটিকায় সাভার আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল সাভার বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক কিছু কার্যকলাপ লক্ষ্য করে। তারা দেখেন, একদল ছিনতাইকারী কয়েকজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করছে।
সেনা সদস্যরা দ্রুত কৌশলগত অবস্থান গ্রহণ করে অভিযানে নামে। ধাওয়ার পর দুইজনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের দেহ তল্লাশিতে দেশীয় ধারালো অস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়।
পরবর্তীতে আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
আটককৃতরা হলো:
১. জাহাঙ্গীর আলম (৩৫)
২. রিপন মিয়া (৪০)
৩. মোঃ শাহিন ইসলাম (১৮), পিতা: মোঃ বাচ্চু, ঠিকানা: বনপুকুর, সাভার
৪. মোঃ রাসেল (১৮), পিতা: লতিফ মিয়া, ঠিকানা: সাভার স্ট্যান্ড
আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির অর্থ এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত থেকে স্পষ্ট যে, চক্রটি যে কোনো সময় বড় ধরনের সহিংস ঘটনায় জড়াতে পারত।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন। আটককৃতরা ও আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।