
নিজস্ব প্রতিবেদক:
পশ্চিমবঙ্গের বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় আর নেই। মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই প্রতিভাবান শিল্পী। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা।
জানা গেছে, রাহুল অরুণোদয় দিঘার তালসারিতে একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন। শুটিংয়ের ফাঁকে সমুদ্রে নামলে হঠাৎ প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং টেকনিশিয়ানদের সহায়তায় তাকে পানির বাইরে তোলা হয়।
পরে দ্রুত তাকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া এই অভিনেতা দীর্ঘ অভিনয় জীবনে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। বড় পর্দায় তার অভিষেক ঘটে জনপ্রিয় সিনেমা চিরদিনই তুমি যে আমার-এর মাধ্যমে। এরপর তিনি একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে জ্যাকপট, পরান যায় জ্বলিয়া রে, কাগজের বউ এবং আকাশ অংশত মেঘলা।
ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-কে বিয়ে করেছিলেন। তবে ২০১৭ সাল থেকে তারা আলাদা থাকছিলেন এবং পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের একমাত্র সন্তানের নাম সহজ।
অভিনয়ের পাশাপাশি সম্প্রতি তিনি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন, যা দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পায়।
তার এই অকাল মৃত্যুতে টলিউডে সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছেন।