
বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি: জিহাদ হাওলাদার
বরিশালের বাকেরগঞ্জে সাইদুল ইসলাম সজিব হত্যার বিচারের দাবিতে উপজেলা জুড়ে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে বিভিন্ন সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশে সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
সকাল ১০টা থেকে বাকেরগঞ্জ পৌরশহরের বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভকারীরা জমায়েত হন। তারা ‘সজিবের রক্ত বৃথা যেতে দেব না’ ও ‘খুনিদের ফাঁসি চাই’ শ্লোগান দিয়ে সড়ক মুখরিত করেন। মিছিলে ছাত্র ও সাধারণ জনগণ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, সজিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার কিছু সময় পার হলেও মূল পরিকল্পনাকারীরা এখনো ধরা পড়েনি। সমাবেশে উপস্থিত এক স্থানীয় নেতা বলেন:
"সজিব ছিল আমাদের এলাকার সম্ভাবনাময় প্রাণ। তাকে যারা নির্মমভাবে কেড়ে নিয়েছে, তাদের এই মাটিতে ঠাঁই হবে না। প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার না করে, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"
স্থানীয়রা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।