
মো. সৌরব, বেতাগী (বরগুনা) প্রতিনিধি
‘সন্ত্রাসী, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে কোনো জায়গা নেই। তারা যতই প্রবেশের চেষ্টা করুক, বিএনপিতে তাদের কখনোই স্থান হবে না। নির্বাচিত হলে নদীভাঙন রোধসহ রাস্তাঘাটের উন্নয়নে কাজ করা হবে।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির আয়োজনে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি তাঁর শেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুল ইসলাম মনি। এ সময় আরও বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ফজলুল রহমান, নুরুল ইসলাম মনির ছেলে আশিকুল সালেহীন, বেতাগী পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হুমায়ূন কবির মল্লিক, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস. এম. নুরুল ইসলাম পান্না, পৌর বিএনপির সদস্য সচিব হাবীবুর রহমান নান্না, নারী নেত্রী পিয়ারা বেগম, মেরী বেগম ও জোৎস্না বেগমসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।