
মুনসুর হেলাল (সটাফ রিপোর্টার)
সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী সীমান্ত থেকে ১৪টি ভারতীয় এয়ারগান ও বিপুল পরিমাণ গুলি জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নীলডুমুর ১৭ বিজিবির রিভারাইন কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো: আব্দুর রউফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী বিওপি'র টহল কমান্ডার নায়েব সুবেদার মো: রেজাউল করিমের নেতৃত্বে বিজিবির একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার কৈখালী এলাকার গোলাখালী নদীর পাড়সংলগ্ন একটি চিংড়ি ঘেরের কোণায় মাটির নিচে পুঁতে রাখা ১৪টি ভারতীয় এয়ারগান, ২৫ বক্স এয়ারগানের গুলি, ৯টি স্প্রিং, ৫০টি পিস্টন হোল্ডার এবং ২২টি এলকে রেঞ্জ জব্দ করা হয়।
বিজিবি জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।