
মাহমুদ হাসান রুবেল
উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কেসমত আলী (৫৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেসমত আলীর সঙ্গে তার ছোট বোনের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এ বিষয়কে কেন্দ্র করে নবিছদ্দিনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নবিছদ্দিন ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন জানান, কেসমত আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আঘাতজনিত কারণ বা স্ট্রোক—যেকোনো কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে অভিযুক্ত নবিছদ্দিন ও তার ছেলে রফিকুলকে আটক করেছে পুলিশ।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, “হত্যার ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তাদের গ্রেফতার দেখানো হবে।”